Logo
×

Follow Us

এশিয়া

পাঁচ দিনের চীন সফর শুরু প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:১৯

পাঁচ দিনের চীন সফর শুরু প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের এই সরকারি সফরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন, চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ তুলে ধরবেন।

২২ জুন স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দালিয়ানের ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাদের স্বাগত জানান।

২৩ জুন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জুইংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। পরে চীনের স্টেট কাউন্সিলের প্রধানের আয়োজনে সংবর্ধনায় যোগ দেবেন।

২৪ জুন তিনি অংশ নেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘সামার ডাভোস’ নামে পরিচিত ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এর ১৭তম বার্ষিক সভায়। একই দিনে চীনের রেলওয়ে, সড়ক ও সেতু নির্মাণ এবং যন্ত্রপ্রকৌশল খাতের শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দুপুরে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যায় পৌঁছাবেন।

বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম। প্রায় ১০০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধির উপস্থিতিতে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ তুলে ধরা হবে। এদিন চেরি গ্রুপ, হান্ডা গ্রুপ এবং চায়নাটেক্স করপোরেশনের মতো শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর প্রায় ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।

শুক্রবার সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে। একই দিনে তিনি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করবেন।

শুক্রবার বিকেলে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Logo