তারেক রহমানের মালয়েশিয়া সফর
কর্মীদের ভিসা নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৬:০০
বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রমিক অভিবাসন প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে যৌথ ওয়ার্কিং গ্রুপ (JWG) বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতি দিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করা হয়েছে।
কলিং ভিসা ও নতুন শ্রমিক নিয়োগ
মালয়েশিয়া জানিয়েছে, বিদেশি শ্রমিক নিয়োগে তাদের বর্তমান নীতির আওতায় নতুন শ্রমিক কোটা বা কলিং ভিসার অনুমোদন কেস বাই কেস ভিত্তিতে দেওয়া হবে। অর্থাৎ নিয়োগকর্তার প্রকৃত চাহিদা এবং সংশ্লিষ্ট খাতের নির্ধারিত সীমার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে নতুন কোনো কোটা অনুমোদিত হলে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ, ন্যায্য, বৈষম্যহীন ও প্রতিযোগিতামূলক হয়, সে বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পাশাপাশি শুধু যোগ্য ও বিশ্বাসযোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে।
যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক
দুই দেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ (JWG) বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ ও পারস্পরিক সুবিধাজনক অভিবাসন নিশ্চিত করার বিষয়গুলো আলোচনা হবে।
এছাড়া বর্তমানে কার্যকর শ্রমিক নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করে সময়োপযোগী একটি নতুন সমঝোতা স্মারক তৈরির প্রস্তুতিও নেওয়া হবে।
শ্রমিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ ও উচ্চ পর্যায়ের সফর শ্রমিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে শক্তিশালী করেছে। ভবিষ্যতেও এই সহযোগিতা আরো বাড়ানোর ব্যাপারে দুই দেশের নেতারা অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শিক্ষার্থী ও দক্ষতা উন্নয়ন
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET), দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার শ্রমবাজার এখনই পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা নেই। তবে নতুন শ্রমিক কোটা অনুমোদনের সুযোগ রয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে দুই দেশের আলোচনা ও যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আবারো সক্রিয় হতে যাচ্ছে, যা ভবিষ্যতে কলিং ভিসা ও শ্রমিক নিয়োগ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
logo-1-1740906910.png)