Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৯:২৪

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সম্প্রতি রাজধানী মালের প্রধান হাসপাতালগুলোতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দল প্রথমে এডিকে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী আবু ইউছুপের সঙ্গে সাক্ষাৎ করে। কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি অস্ত্রোপচারের পর নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিধি দল কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করার অনুরোধ জানায়।

এরপর তারা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (আইজিএমএইচ) পরিদর্শন করে চিকিৎসাধীন প্রবাসী রিয়াজ, মো. বাবুল সরকার ও হান্নানের খোঁজখবর নেয়। চিকিৎসকদের সঙ্গে তাদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়। যারা চিকিৎসা শেষে দেশে ফিরতে চান, তাদের জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হাইকমিশন সহযোগিতা করবে বলে জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল অসুস্থ প্রবাসীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের মনোবল বাড়ায়। তারা আশ্বস্ত করেন, চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন পাশে থাকবে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশের মাটিতে অবস্থানরত প্রত্যেক বাংলাদেশি আমাদের অবিচ্ছেদ্য অংশ। প্রবাসে কঠোর পরিশ্রমী কোনো ভাই অসুস্থ হলে তা অত্যন্ত বেদনাদায়ক। হাইকমিশন সব সময় তাদের পাশে রয়েছে এবং চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনে দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বিদেশে বাংলাদেশের সুনাম ও শ্রমনিষ্ঠার উজ্জ্বল প্রতিনিধি। তাদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

হাইকমিশনার প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসীবান্ধব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Logo