ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় সমর্থকদের জন্য সবচেয়ে বড় আক্ষেপ হলো একবার সুযোগ পেয়েও বিশ্বকাপে খেলতে না যাওয়া। ১৯৫০ সালে ব্রাজিলে আয়োজিত ফিফা বিশ্বকাপে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দল অংশ নেয়নি। এই সিদ্ধান্ত আজও রহস্যঘেরা।
১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল ভারত। সদ্য স্বাধীন দেশটির ফুটবলাররা খালি পায়ে খেলেও সবার নজর কাড়েন। এর দুই বছর পর ফিফা বিশ্বকাপে এশিয়া থেকে একমাত্র দল হিসেবে ডাক পায় ভারত। কারণ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও বার্মা (বর্তমানে মায়ানমার) নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ফলে ভারতের পথ একেবারেই বাধাহীন হয়ে যায়।
কিন্তু ভারতীয় দল শেষ পর্যন্ত বিশ্বকাপে যায়নি। কেন যায়নি, তা নিয়ে নানা মত রয়েছে। সবচেয়ে প্রচলিত গুজব হলো, ফিফা খেলোয়াড়দের জুতো পরে খেলতে বলেছিল, আর ভারতীয়রা খালি পায়ে খেলতে অভ্যস্ত ছিলেন। তবে বিশেষজ্ঞরা বলেন, এটি নিছকই গুজব। কারণ, ১৯৫৩ সাল পর্যন্ত ফিফার নিয়মে বুট পরা বাধ্যতামূলক ছিল না।
আসল কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেন প্রশাসনিক দ্বিধা, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রস্তুতির অভাব। ব্রাজিলে ভ্রমণ ছিল ব্যয়বহুল ও জটিল। যদিও ফিফা ভারতীয় দলের যাতায়াত খরচ বহন করার আশ্বাস দিয়েছিল, তবুও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভেতরে মতবিরোধ দেখা দেয়। দল নির্বাচন ও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।
তৎকালীন দলের অধিনায়ক হওয়ার কথা ছিল বাঙালি ফুটবলার শৈলেন মান্নার। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, ভারতের ফুটবল ফেডারেশন বিশ্বকাপকে অলিম্পিকের মতো গুরুত্ব দেয়নি। ফিফার টুর্নামেন্ট নিয়ে তাদের উৎসাহ ছিল না। অনেক খেলোয়াড়ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত ভ্রমণের মানসিক প্রস্তুতি পাননি।
ফলাফল হলো, ভারত সুযোগ পেয়েও বিশ্বকাপে খেলতে যায়নি। সেই থেকে আজ পর্যন্ত আর কখনে ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা পায়নি ভারত। সমর্থকদের কাছে এটি এক চিরন্তন আক্ষেপ হয়ে আছে।
বিশেষজ্ঞরা মনে করেন, যদি ভারত ১৯৫০ সালে বিশ্বকাপে খেলত এবং ভালো ফল করত, তবে দেশের ফুটবলের ইতিহাস বদলে যেত। যেমন ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপে কপিল দেবের নেতৃত্বে ভারতের জয় ক্রিকেটকে জাতীয় আবেগে পরিণত করেছিল, তেমনি ফুটবলেও বিশ্বকাপ অংশগ্রহণ একটি নতুন যুগের সূচনা করতে পারত।
ভারতের ফুটবল ইতিহাসে ১৯৫০ সালের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত এক রহস্যময় অধ্যায়। গুজব, প্রশাসনিক জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতা; সব মিলিয়ে সুযোগ হাতছাড়া হয়েছিল। সেই আক্ষেপ আজও ভারতীয় ফুটবল সমর্থকদের মনে রয়ে গেছে।
logo-1-1740906910.png)