বাংলাদেশি নাগরিকদের জন্য ৮ জুন থেকে ই-ভিসা ইস্যু শুরু করেছে ফিলিপাইন। পর্যটনের উদ্দেশ্যে গমনেচ্ছুদের জন্য আগের স্টিকার ভিসা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে আবেদনকারীদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট evisa.gov.ph এর মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে হবে।
ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, অনুমোদিত ই-ভিসা একবার ইস্যু হলে আবেদনকারীরা তা ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইস থেকে ডাউনলোড করতে পারবেন। ইমিগ্রেশনে প্রবেশের সময় ডিজিটাল বা মুদ্রিত কপি দেখানো যাবে। তবে যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে ফিলিপাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।
দূতাবাস জানিয়েছে, ই-ভিসা অন্য ধরনের ভিসায় রূপান্তরযোগ্য নয় এবং থাকার অনুমোদিত সময়কাল বাড়ানো যাবে না। পর্যটনের বাইরে পড়াশোনা, কর্মসংস্থান বা অন্য উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণ করতে চাইলে নিয়মিত স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ই-ভিসার ফি নির্ধারণ করা হয়েছে
- সিঙ্গেল এন্ট্রি: ৮ হাজার ৫৮০ টাকা
- ৬ মাসের মাল্টিপল এন্ট্রি: ১৩ হাজার ৮৬০ টাকা
- ১ বছরের মাল্টিপল এন্ট্রি: ১৯ হাজার ১৪০ টাকা
- এই ফি দূতাবাসে পরিশোধ করতে হবে।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ফিলিপাইন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ই-ভিসা চালু করেছিল। তখন চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা এ সুবিধা পেয়েছিলেন। এবার বাংলাদেশসহ আরো কয়েকটি দেশের জন্য নতুন করে ই-ভিসা ব্যবস্থা চালু হলো।
logo-1-1740906910.png)