শ্রীলঙ্কা পর্যটন খাতকে গতিশীল করতে সম্প্রতি ৪০ দেশের নাগরিকদের জন্য এক মাসের পর্যটক ভিসার ফি মওকুফ করেছে। তবে সেই তালিকায় নেই বাংলাদেশ। ফলে বাংলাদেশি নাগরিকদের শ্রীলঙ্কায় ভ্রমণের জন্য আগের মতোই ভিসা ফি দিতে হবে।
গত ২৫ মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা ভিসা ফি ছাড় পাচ্ছেন। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মালদ্বীপের নাগরিকদেরও ভিসা ফি দিতে হয় না। কিন্তু বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানের নাগরিকদের জন্য কোনো ছাড় রাখা হয়নি।
শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩০ দিন থাকার জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের নাগরিকদের ফি ২০ ডলার। অন্য দেশের নাগরিকদের জন্য এই ফি ৫০ ডলার। তবে ৩০ দিনের বেশি থাকার জন্য ভিসার মেয়াদ বাড়াতে হলে নির্দিষ্ট ফি দিতে হবে।
ভারত, নেপাল ও পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভিসা ফি ছাড় পাচ্ছেন।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, শ্রীলঙ্কা সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ভিসা ফি মওকুফের উদ্যোগ নেয়। তখন থেকেই চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা এ সুবিধা পাচ্ছিলেন। এবার সেই তালিকা আরো সম্প্রসারিত হয়েছে।
logo-1-1740906910.png)