সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরান জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘর্ষের কারণে ভিসা জটিলতা তৈরি হয়েছিল। এতে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে দীর্ঘ অনিশ্চয়তার পর যুক্তরাষ্ট্র সরকার ছাড়পত্র দিয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে। তিনি বলেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফসহ সবাইকে ভিসা দেওয়া হয়েছে।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রশংসা করে লিখেছেন, “ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রসেসিং সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের অসাধারণ দলটির ওপর আমি গর্বিত।”
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের সদস্যদের বিশেষ নজরদারিতে রাখা হবে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কাউকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হলে তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, “অ্যাথলেট বা তাদের সহায়তাকারীদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন এবং আইআরজিসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।”
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। তারা ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। এরপর ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন মিসরের মুখোমুখি হবে।
logo-1-1740906910.png)