মালয়েশিয়ায় প্রবেশে বাংলাদেশি অভিবাসীদের ৫ হাজার রিঙ্গিত চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:২৬
মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের জন্য বাংলাদেশি অভিবাসীদের প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত দিতে হয়েছে একটি আন্তর্জাতিক পাচারচক্রকে। দেশটির জেনারেল অপারেশন্স ফোর্স (জিওএফ) দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার আহমদ রাদজি হুসাইন জানিয়েছেন, তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
তিনি বলেন, আটক অভিবাসীরা সবাই বাংলাদেশি এবং তারা কাম্বোডিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি এজেন্টের মাধ্যমে যাত্রার ব্যবস্থা করেছিলেন। ওই এজেন্টের নাম ‘জাহাঙ্গীর আদম’। অভিবাসীরা স্বীকার করেছেন, তারা তুমপাটের কাম্পুং কোক কেলি এলাকার একটি জেটি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।
প্রত্যেক অভিবাসীকে শ্রমিক হিসেবে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারা জানিয়েছে, নির্মাণশিল্পে কাজ করার জন্যই মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন।
আটক অভিবাসীদের একজন, ঢাকার আতিয়া নামের এক ব্যক্তি জানান, তিনি তিন সন্তানের বাবা এবং প্রথমবারের মতো অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমরা কাম্বোডিয়া থেকে এসেছি, মালয়েশিয়ায় কাজ করতে চেয়েছি। পরিবারকে সহায়তা করার জন্যই এই সিদ্ধান্ত।”
গত শনিবার ওয়াকাফ বারুর টোক মালিক এলাকায় জিওএফ সদস্যদের ধাওয়া শেষে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে একটি স্থানীয় গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। গাড়িটিতে ছিলেন ৯ জন বাংলাদেশি অভিবাসী এবং একজন ২১ বছর বয়সী মালয়েশিয়ান নাগরিক, যিনি ‘টেকং দারাত’ বা স্থানীয় পরিবহনকারী হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার পর সবাইকে আটক করা হয়।
আটক ১০ জনকে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, তারা সম্প্রতি কম্বোডিয়া থেকে এসেছেন এবং মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে নির্মাণশিল্পে কাজ করার পরিকল্পনা করেছিলেন।
অভিবাসীদের বক্তব্যে উঠে এসেছে, পরিবারকে সহায়তা করার জন্যই তারা এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়িয়েছেন। তবে পাচারচক্রের প্রতারণা ও অবৈধ প্রবেশের কারণে তারা এখন আইনি জটিলতায় পড়েছেন।
logo-1-1740906910.png)