Logo
×

Follow Us

এশিয়া

রাশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, সতর্ক করল রুশ দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৩৮

রাশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, সতর্ক করল রুশ দূতাবাস

রাশিয়ায় যেতে ইচ্ছুক কিংবা প্রতারণার ফাঁদে পড়ে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস। ২৫ মে বিকেলে এক ই-মেইলে দূতাবাস এই সতর্কবার্তা জারির বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাসের বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইউক্রেনে পরিচালিত রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণের সঙ্গে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে দূতাবাসের কোনো দায়িত্ব নেই এবং কোনোভাবেই তারা সংশ্লিষ্ট নয়।

এছাড়া বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি যে বিজ্ঞাপন বা তথ্য প্রচার করছে, তার দায়ভার রাশিয়ার দূতাবাস নেবে না। এসব বিজ্ঞাপন বা কর্মকাণ্ডের সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই।

দূতাবাস আরো জানিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে সতর্কবার্তা অনেক আগে থেকেই প্রকাশ করা হয়েছে। উদ্দেশ্য ছিল বাংলাদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করা।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন এজেন্সি রাশিয়ায় কাজের ভিসার নামে প্রলোভন দেখিয়ে মানুষকে পাঠাচ্ছে। কিন্তু সেখানে গিয়ে অনেকেই কাজের পরিবর্তে যুদ্ধ প্রশিক্ষণে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে দূতাবাসের এই সতর্কবার্তা বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে এসেছে।

Logo