মালয়েশিয়ায় পাঁচ নারীকে যৌন হয়রানির দায়ে বাংলাদেশি শ্রমিকের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:২৮
মালয়েশিয়ায় পাঁচ নারীকে যৌন হয়রানির দায়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার ১০০ রিঙ্গিত জরিমানা করেছে আদালত। কুয়ালালামপুরের বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশনে ঘটে যাওয়া ঘটনাগুলোর দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
৪১ বছর বয়সী মো. রমজান আলী নামের ওই শ্রমিক গত এপ্রিল মাসে চ্যান সো লিন এলআরটি স্টেশনের পদচারী পথ, মালুরি এমআরটি স্টেশন এলাকা এবং তামান মিদাহ থেকে মুজিয়াম নেগারা এমআরটি স্টেশনে চলন্ত ট্রেনের ভেতরে পাঁচ নারীকে যৌন হয়রানি করেন। ভুক্তভোগীদের মধ্যে একজন জার্মান নাগরিক এবং চারজন স্থানীয় নারী ছিলেন, যাদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে।
মামলাটি চারটি আলাদা ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। প্রতিটি আদালতে আলাদা সাজা দেওয়া হয়। কোথাও তাকে কয়েক সপ্তাহের কারাদণ্ড ও জরিমানা, আবার কোথাও কয়েক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং মোট ১৫ হাজার ১০০ রিঙ্গিত জরিমানা করেছে। জরিমানা পরিশোধ না করলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযোগগুলো দণ্ডবিধির ৩৫৪ ধারায় আনা হয়, যেখানে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, জরিমানা বা বেত্রাঘাতের শাস্তি রয়েছে। আসামি আদালতে দোষ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রসিকিউশন পক্ষ জনস্বার্থের কথা বিবেচনা করে কঠোর শাস্তির দাবি করে।
এই মামলার মাধ্যমে মালয়েশিয়ার আদালত স্পষ্ট করেছে যে জনপরিসরে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। অভিবাসী শ্রমিকদের জন্যও এটি একটি সতর্কবার্তা, যেখানে আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি এড়ানো সম্ভব নয়।
logo-1-1740906910.png)