কাজাখস্তান অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে। দেশটির উপপ্রধানমন্ত্রী এবং সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আইদা বালায়েভা জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী সরকার একটি নতুন অভিবাসন নীতি বাস্তবায়ন করছে, যা হবে আরো উন্মুক্ত, স্বচ্ছ ও নমনীয়।
তিনি বলেন, এতদিনের জটিল ও সীমাবদ্ধ অভিবাসন ব্যবস্থা থেকে বের হয়ে এখন লক্ষ্য হলো এমন একটি কাঠামো তৈরি করা, যেখানে দক্ষ জনশক্তি সহজে প্রবেশ করতে পারবে, পেশাগত উন্নয়ন ঘটাতে পারবে এবং কাজাখস্তানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে।
প্রথমত, অভিবাসন ব্যবস্থাকে সেবামুখী করা হচ্ছে। সরকারি প্রক্রিয়াগুলোকে সহজ, স্বচ্ছ ও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক জায়গায় সব সেবা পাওয়ার ব্যবস্থা বা ‘ওয়ান-স্টপ শপ’ নীতি সম্প্রসারণ, ডিজিটালাইজেশন এবং আন্তঃসংস্থার অনুমোদন কমানো হচ্ছে।
দ্বিতীয়ত, প্রশাসনিক প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো হচ্ছে। আবেদন প্রক্রিয়ার সময়সীমা কমানো, নিয়মকানুন সরলীকরণ এবং ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হচ্ছে।
তৃতীয়ত, দক্ষ জনশক্তি আকর্ষণে নতুন মডেল চালু হচ্ছে। এর অংশ হিসেবে আলতিন ভিসা (গোল্ডেন ভিসা) চালু করা হচ্ছে, যা বিনিয়োগকারী ও উচ্চ দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞদের জন্য দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য সুযোগ তৈরি করবে।
চতুর্থত, পেশাগত যোগ্যতার স্বীকৃতি সহজ করা হবে। এটি বিশেষ করে শ্রমঘাটতি থাকা শিল্প ও উচ্চ প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ।
বালায়েভা জোর দিয়ে বলেন, সরকার নিয়ন্ত্রণ কমাচ্ছে না, বরং তা আরো নির্দিষ্ট, লক্ষ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করছে।
এর আগে কাজাখস্তান ২০২৬ সালের জন্য বিদেশি শ্রমিকদের কোটা প্রকাশ করেছে। নতুন নীতির মাধ্যমে দেশটি দক্ষ জনশক্তি আকর্ষণ করে অর্থনীতি ও প্রযুক্তি খাতে প্রবৃদ্ধি বাড়াতে চায়।
logo-1-1740906910.png)