Logo
×

Follow Us

এশিয়া

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৭

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বুধবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার গতিশীল নেতৃত্বে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলে উল্লেখ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

এ সময় উভয়ই দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক সম্ভাব্য খাতসমূহ নিয়ে আলোচনা করেন এবং দুই দেশের মাঝে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) দ্রুত চূড়ান্ত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পর্যটন, কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবিদ্যুৎ খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

নেপালের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যটন খাতের উন্নয়ন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে পোখারা ও কক্সবাজারের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত রহমান অগ্রাধিকার খাতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে একটি কৌশলগত সহযোগিতা কাঠামো/পরিকল্পনা গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি সাম্প্রতিক নির্বাচনী ম্যান্ডেট ও জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করে তা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে উভয় দেশের নেতৃত্বের জন্য এখনই উপযুক্ত সময়। এ প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দুই দেশের প্রচেষ্টায় যে গতি ও সমন্বয় বিদ্যমান রয়েছে, তা কাজে লাগাতে এবং আরো জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

Logo