মালয়েশিয়ার খবর ১৯ এপ্রিল ২০২৬
মন্ত্রীদের বেতন কমানোর চিন্তা সরকারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৪:২৮
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মালয়েশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে মন্ত্রীদের বেতন কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তবে তিনি এটাও জানিয়েছেন, দেশটিতে মন্ত্রীদের বেতন এমনিতেই কম। কিন্তু যতক্ষণ মন্ত্রীরা ভালো কাজ করবেন, ততক্ষণ সেই বেতন পাওয়াটা তাদের অধিকার এবং তা যুক্তিসঙ্গত। তা ছাড়া মন্ত্রীদের বেতন কমানোর চেয়ে দেশটিতে কার্যকর সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অগ্রাধিকার।
এদিকে, বেতন কমানোর চিন্তা-ভাবনার পরিপ্রেক্ষিতে দেশটির যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল জানিয়েছেন, বেতন কমানোর যে কোনো আদেশ মেনে নিতে মন্ত্রিসভার সদস্যরা প্রস্তুত আছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে তা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, হরমুজ প্রণালীতে অবরোধে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মালয়েশিয়ায় খারাপ প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে আমদানি খরচ বাড়ছে, বাড়ছে মূল্যস্ফীতি।
যার প্রভাব সরাসরি পড়ছে মালয়েশিয়ার নাগরিক ও বাসিন্দাদের ওপর। দেশটিতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করেন। দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোতে জ্বালানি তেলের চোরাচালান বন্ধ করতে পাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
logo-1-1740906910.png)