মালয়েশিয়ার খবর ১৮ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে সিআইডির সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫
মালয়েশিয়ায় সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক ও অপ্রয়োজনীয় বিতর্ক বা উসকানিমূলক আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করতে সতর্ক করেছে দেশটির সিআইডি পুলিশ।
এক বিবৃতিতে সিআইডি পরিচালক দাতুক এম কুমার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এমন পোস্ট ও মন্তব্য করছেন, যেগুলো বিদ্বেষপূর্ণ ও উসকানিমূলক। অনেক সময় এসব মাধ্যমে সরকারি নীতি বা চলমান বিষয় নিয়ে এমনভাবে আলোচনা করা হয়, যা অপ্রয়োজনীয় মতবিরোধ তৈরি করে। তিনি আরো জানান, এই প্রবণতা শুধু অনলাইন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে না, বরং সামগ্রিকভাবে একটি অসুস্থ ডিজিটাল পরিবেশ তৈরি করছে, যা সমাজের জন্য হুমকিস্বরূপ হবে।
তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড সরাসরি মালয়েশিয়ার সেডিশন আইনের লঙ্ঘন। বিদ্বেষপূর্ণ যে কোনো বক্তব্য, লেখা বা প্রকাশনা, যা সরকার বা রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্বেষ বা অসন্তোষ উসকে দেয়, তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই আইনের আওতায় মোট ৩০টি মামলা তদন্ত করা হয়েছে, যেখানে রাজতন্ত্র, জাতিগত বিষয়, বিচার ব্যবস্থা ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য অন্তর্ভুক্ত ছিল।
তিনি জনগণকে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা কখনোই মানহানিকর বা উসকানিমূলক বক্তব্য ছড়ানোর লাইসেন্স নয়। কারণ এসব আচরণ সামাজিক সম্প্রীতি, শান্তি ও জনশৃঙ্খলা নষ্ট করে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ যদি অনলাইন প্ল্যাটফর্ম বা নেটওয়ার্ক সুবিধা ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপদ ডিজিটাল পরিবেশ বজায় রাখতে এবং সম্মানজনক ও তথ্যভিত্তিক আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে সবার সহযোগিতা দেশের স্থিতিশীলতা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)