Logo
×

Follow Us

এশিয়া

কুয়ালালামপুরে রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৩

কুয়ালালামপুরে রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল

কুয়ালালামপুরে বিশ্ব শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী ‘রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বুকিত বিনতাং এলাকায় আয়োজিত এ উৎসবকে মালয়েশিয়ার পর্যটন শিল্পে একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

শুধু রাজধানী নয়, আরো সাতটি রাজ্য নেগেরি সেমবিলান, জোহর, মেলাকা, কেদাহ, লাবুয়ান, পাহাং ও তেরেঙ্গানু; নিজ নিজ সাংস্কৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী সম্পূরক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এতে জাতীয় পর্যায়ে বৈশাখের মতোই শ্রমিক দিবসকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।

এই আয়োজনের সহ-আয়োজক ট্যুরিজম মালয়েশিয়া ও দ্য ফেম। এটি ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত। আয়োজকরা জানিয়েছেন, বৈশ্বিক অনিশ্চয়তার সময়েও পর্যটন খাতকে সক্রিয় রাখা জরুরি। এ ধরনের উৎসব স্থানীয় ব্যবসা, খুচরা বাজার, হোটেল-রেস্তোরাঁ ও সেবা খাতকে চাঙ্গা করবে। বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠীও এর সুফল ভোগ করবে।

রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যালকে মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক সমাজের প্রতিফলন হিসেবে সাজানো হচ্ছে। এখানে আন্তর্জাতিক ও আঞ্চলিক ডিজেদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও অংশ নেবেন। বৃষ্টিকে কেন্দ্র করে তৈরি করা হবে বিশেষ পরিবেশ, যেখানে থাকবে সংগীত, নৃত্য, খাবার ও জীবনধারাভিত্তিক অভিজ্ঞতা। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবার, লোকসংস্কৃতি ও হস্তশিল্পও প্রদর্শিত হবে।

উৎসবের মূল ভাবনা হলো বৃষ্টি, যা মালয়েশিয়ার প্রকৃতির অপরিহার্য উপাদান। এটিকে আধুনিক সৃজনশীলতায় রূপ দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করা হবে। একই সঙ্গে শ্রমিক দিবসের সঙ্গে যুক্ত করে কর্মজীবী মানুষের অবদানকে সম্মান জানানো হবে। আয়োজকরা জানিয়েছেন, এটি ভবিষ্যতে বার্ষিক স্বাক্ষরিত ইভেন্ট হিসেবে মালয়েশিয়ার পর্যটন ক্যালেন্ডারে স্থান পাবে।

উৎসবকে সফল করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে। ইস্তানা বুদায়া, মালয়েশিয়ান হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট করপোরেশন, ন্যাশনাল ডিপার্টমেন্ট ফর কালচার অ্যান্ড আর্টস এবং ডিপার্টমেন্ট অব ন্যাশনাল হেরিটেজ সাংস্কৃতিক সহায়তা দেবে।

ট্যুরিজম মালয়েশিয়া গন্তব্য প্রচারণার দায়িত্ব পালন করছে, আর পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করছে। যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রটোকলসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Logo