Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৯ এপ্রিল ২০২৬

কলিং ভিসা খুলতে অগ্রগতি; অবৈধদের বৈধতার দাবি প্রবাসীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৮:৫২

কলিং ভিসা খুলতে অগ্রগতি; অবৈধদের বৈধতার দাবি প্রবাসীদের

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আবার খোলা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং মালয়েশিয়ায় যেতে শ্রমিকদের খরচ কমানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ৯ এপ্রিল পুত্রজায়ায় দুই দেশের দুই মন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে।  

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমীন। বৈঠকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ আবার শুরু করা এবং বহুল প্রতীক্ষিত কলিং ভিসা প্রক্রিয়া দ্রুত চালুর উদ্যোগ।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, স্বচ্ছ, ন্যায্য ও নৈতিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে মধ্যস্থতাকারীর সংখ্যা কমানো এবং আটকে থাকা বাংলাদেশি শ্রমিকদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করা। 

নতুন করে কলিং ভিসা চালুর বিষয়ে আলোচনা হলেও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মত, দেশটিতে অবৈধ হয়ে পড়া কর্মীদের বৈধতার বিষয়টির সুুরাহা হওয়া আরো জরুরি।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সংগঠক মোকাম্মেল হোসেন মাইগ্রেশন কনসার্নকে জানান, মালয়েশিয়ায় অবৈধদের বৈধতা নিয়ে সংকটের সমাধান না করে নতুন করে শ্রমিকদের আনা হলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। 

অন্যদিকে, দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের দাবি, তাদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা সুযোগ সৃষ্টি করা গেলে পড়াশোনার পর তাদের ইনকামের সুযোগ বেড়ে যেত। 

দেশটিতে থাকা শিক্ষার্থী শিহাব উদ্দিন শিহাব জানান, মালয়েশিয়ায় চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। অন্য দেশের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট পাস ভিসার সুযোগ নিয়ে দেশটিতে পড়াশোনার পর কাজের সুযোগ পেলেও বাংলাদেশি শিক্ষার্থীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন।  

দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশি প্রতিনিধি দল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

Logo