Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৮ এপ্রিল ২০২৬

বন্ধ থাকা শ্রমবাজার খুলতে আবার আলোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৪:১৩

বন্ধ থাকা শ্রমবাজার খুলতে আবার আলোচনা

বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করতে মালয়েশিয়া গেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। চার দিনের এই সফরে তার সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদি আমীন। এই সফরে শ্রমবাজার আবার খুলতে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। 

২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়ান সরকার। এর ফলে কয়েক লাখ কর্মপ্রত্যাশী কর্মী মোটা অঙ্কের টাকা খরচ করেও দেশটিতে যেতে পারেননি এবং চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন।

মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি এবং দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অতীতের সিন্ডিকেট প্রথা এবং অতিরিক্ত অর্থ আদায়ের পুনরাবৃত্তি যেন না হয়, সেই দাবি জানিয়েছেন বায়রার সাধারণ সদস্যরা। তারা একটি স্বচ্ছ ও সিন্ডিকেটমুক্ত অভিবাসন প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।

একই সাথে মালয়েশিয়া প্রবাসীদের দাবি, দেশটিতে যেসব প্রবাসী অবৈধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাদের বৈধতার বিষয়টি বৈঠকে আলোচনা হোক। কেননা, দেশটিতে অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিরা পুলিশি ধরপাকড়ের ভয়ে মানবেতর জীবনযাপন করছেন। 

পুরনো শ্রমিকদের বৈধতার প্রশ্ন সরিয়ে রেখে নতুন করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হলে পরিস্থিতি আরো জটিল হয়ে এই শ্রমবাজারে বিশৃঙ্খলা ও অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Logo