Logo
×

Follow Us

এশিয়া

মধ্যপ্রাচ্য সংকট: ভারতের সামনে কঠিন দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৫

মধ্যপ্রাচ্য সংকট: ভারতের সামনে কঠিন দিন

ভারতে জ্বালানি সংকট ও সার ঘাটতির কারণে কৃষি খাত বড় ধরনের চাপে পড়েছে। ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি আমদানি ব্যাহত হয়েছে, যা সরাসরি কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরল গ্যাস পরিবাহিত হয়। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। রান্নার গ্যাস (এলপিজি) থেকে শুরু করে কৃষি খাতে ব্যবহৃত ডিজেল ও সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ব্যাহত হচ্ছে।

ভারতের কৃষি খাত সার ও জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে, ফলে কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছেন না। একই সঙ্গে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেচ ও পরিবহন খরচও বাড়ছে। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতেই এই সংকট তাদের উৎপাদন ব্যাহত করবে এবং খাদ্যশস্যের দাম বাড়তে পারে।  

নগর ও গ্রামে মানুষ রান্নার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। অনেক পরিবার সপ্তাহের পর সপ্তাহ গ্যাস পাচ্ছেন না। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেস্তোরাঁগুলো গ্যাসের অভাবে অনেক খাবার তালিকা থেকে বাদ দিয়েছে।

ভারতের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে সংকট আরো তীব্র। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। কৃষি উৎপাদন কমে গেলে খাদ্যশস্যের দাম বাড়বে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।  

ভারত সরকার জরুরি ভিত্তিতে বিকল্প সরবরাহের চেষ্টা করছে। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দ্রুত সমাধান পাওয়া কঠিন। সরকার স্থানীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে এবং কৃষকদের জন্য ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।  

Logo