এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। পরিবার-স্বজন থেকে হাজার মাইল দূরে থাকলেও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উৎসবের আমেজে ভাটা দেননি। রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত, যেখানে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি।
সকালের প্রথম প্রহর থেকেই কুয়ালালামপুরের মসজিদ ও ঈদগাহগুলোতে ভিড় জমে। নতুন পোশাক পরে দলে দলে মুসল্লিরা ছুটে আসেন ঈদের নামাজে অংশ নিতে। বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত হাংতুয়ার মসজিদ আল বুখারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। বরাবরের মতো এবারও মসজিদের আঙিনা ছাপিয়ে নামাজের কাতার পৌঁছে যায় মূল সড়ক পর্যন্ত। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিবার-স্বজনহীন ঈদের দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকে প্রবাসীদের। কেউ রান্না করেন দেশীয় খাবার, আবার কেউ বন্ধু ও সহকর্মীদের নিয়ে ছুটে যান দেশীয় রেস্টুরেন্টে। প্রিয়জনদের সঙ্গে দূরত্ব ঘুচাতে প্রযুক্তিই ভরসা। ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা।
কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই দিনটি প্রবাসীদের জন্য নিয়ে আসে স্বস্তি ও আনন্দের বার্তা। ভিন্ন সংস্কৃতি ও পরিবেশে থেকেও ঈদের চেতনায় গড়ে ওঠে এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধন। প্রবাস জীবনের নানা সীমাবদ্ধতা থাকলেও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ভুলেন না মালয়েশিয়ায় অবস্থান করা বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)