Logo
×

Follow Us

এশিয়া

ভারতের ভিসা জটিলতা; রোগীদের বিকল্প গন্তব্য মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২৩:৪০

ভারতের ভিসা জটিলতা; রোগীদের বিকল্প গন্তব্য মালয়েশিয়া

বাংলাদেশি রোগীদের জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসার প্রধান গন্তব্য ছিল ভারত। ভৌগোলিক সুবিধা, কম খরচ এবং সুপ্রতিষ্ঠিত নেটওয়ার্কের কারণে অধিকাংশ রোগী ভারতের ওপর নির্ভর করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত কড়াকড়ি শুরু হওয়ায় অনেকেই বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন। এই সুযোগে নিজেদের অবস্থান শক্ত করতে উদ্যোগী হয়েছে মালয়েশিয়া।  

আগামী ৫ থেকে ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি) জানিয়েছে, ‘মালয়েশিয়া ইয়ার অব মেডিকেল ট্যুরিজম ২০২৬’-কে সামনে রেখে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করছে। লক্ষ্য হলো দেশটিকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।  

এমএইচটিসির প্রধান নির্বাহী সুরিয়াগান্ধি সুপ্পিয়াহ বলেন, হৃদরোগ, ক্যান্সার চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন এবং উন্নত সার্জারির মতো বিশেষায়িত সেবার জন্য বাংলাদেশি রোগীদের মধ্যে মালয়েশিয়ার প্রতি আগ্রহ বাড়ছে। উন্নত চিকিৎসা অবকাঠামো, আধুনিক হাসপাতাল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা এখন বাংলাদেশি রোগীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।  

মালয়েশিয়া বর্তমানে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা তারা তুলনামূলক কম খরচে প্রদান করছে। ঢাকা থেকে কুয়ালালামপুরে সহজ বিমান যোগাযোগের কারণে রোগীদের জন্য যাতায়াতও সুবিধাজনক। ফলে মালয়েশিয়া এখন সাশ্রয়ী ও আরামদায়ক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।  

মালয়েশিয়ার স্বাস্থ্য পর্যটন খাতের সাফল্যও উল্লেখযোগ্য। ২০২৫ সালে দেশটি স্বাস্থ্য পর্যটন থেকে প্রায় ৩.৩৪ বিলিয়ন রিঙ্গিত আয় করেছে এবং প্রায় ১.৮৪ মিলিয়ন আন্তর্জাতিক রোগীকে সেবা দিয়েছে। এই জনপ্রিয়তা এবং ঢাকার আসন্ন ইভেন্ট মালয়েশিয়াকে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করবে বলে আশা করা হচ্ছে। 

Logo