মালয়েশিয়ার খবর ১৪ ফেব্রুয়ারি
মালয়েশিয়ায় ভুয়া চিকিৎসক চক্রের ১৭ বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬
মালয়েশিয়ায় ভুয়া ডাক্তারি করার অভিযোগে ১৭ বাংলাদেশিসহ ১৮ বিদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। রাজধানীর জালান তুন তান সিউ সিন এলাকায় দুই সপ্তাহ ধরে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছিলেন। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশির ভাগই ছিলেন বাংলাদেশি প্রবাসী। সস্তা ও আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে রোগীদের টানত তারা।
তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের কারো বৈধ মেডিকেল ডিগ্রি বা লাইসেন্স নেই। তা সত্ত্বেও তারা রোগী দেখতেন, চিকিৎসা পরামর্শ দিতেন এবং কিছু ক্ষেত্রে ভুয়া সনদ ও স্ট্যাম্প ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, জাল কাগজপত্রের মাধ্যমে নিজেদের বৈধ চিকিৎসক হিসেবে প্রমাণের চেষ্টাও করছিলেন তারা।
কর্তৃপক্ষ বলছে, এ ধরনের প্রতারণা শুধু আইন লঙ্ঘন নয়, এটি মানুষের জীবনের জন্য বড় ঝুঁকি। অসুস্থ রোগীরা বিশ্বাস করে চিকিৎসা নিচ্ছিলেন, অথচ তারা প্রকৃত চিকিৎসক নন। আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসা নেওয়ার আগে সংশ্লিষ্ট চিকিৎসকের বৈধ লাইসেন্স ও নিবন্ধন যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)