দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে নারী আমদানির প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬
দক্ষিণ কোরিয়ার এক শীর্ষস্থানীয় স্থানীয় নেতা জন্মহার বাড়াতে বিদেশ থেকে তরুণী আমদানির প্রস্তাব দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। দক্ষিণ জিনদো কাউন্টির প্রধান কিম হি-সু গত সপ্তাহে এক অনুষ্ঠানে বলেন, গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণীদের আনা যেতে পারে।
বিবিসি নিউজ বলছে, তার এই মন্তব্য দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকেরা বিষয়টিকে নারী অবমাননা এবং মানব পাচারের মানসিকতা হিসেবে আখ্যা দেন। আন্তর্জাতিক মহলেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এটি অভিবাসী নারী ও সংখ্যালঘুদের প্রতি চরম অসম্মানজনক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। তবে শ্রীলঙ্কা সরকার এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
বিতর্কের পর ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি সোমবার সর্বসম্মতভাবে কিম হি-সুকে দল থেকে বহিষ্কার করে। জনরোষের মুখে তিনি পরদিনই দুঃখ প্রকাশ করে বলেন, গ্রামীণ অঞ্চলের জনসংখ্যা সংকট বোঝাতে গিয়ে তিনি অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছেন। দক্ষিণ জিওল্লা প্রদেশ কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে জানিয়েছে, কিমের মন্তব্য ভিয়েতনামী জনগণ ও নারীদের মনে গভীর ক্ষত তৈরি করেছে।
বর্তমানে দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ হিসেবে পরিচিত। প্রায় ৫ কোটি জনসংখ্যার এই দেশ আগামী ৬০ বছরের মধ্যে জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জন্মহার সংকট মোকাবিলায় প্রশাসনিক এলাকা একীভূত করার পরিকল্পনাও চলছে।
এদিকে কিম হি-সুর মন্তব্যের প্রতিবাদে অভিবাসী ও নারী অধিকার সংগঠনগুলো মঙ্গলবার জিনদো কাউন্টি অফিসের সামনে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
logo-1-1740906910.png)