মালয়েশিয়ার খবর ৩ ফেব্রুয়ারি
মালয়েশিয়ায় অভিযানে ১২ বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩১
মালয়েশিয়ার ইমিগ্রেশন সোজুল গ্যাং নামে একটি মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি এদের পাচার করে মালয়েশিয়ায় আনা হয়েছিল। এদের মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেনারেল দাতুক জাকারিয়া শাবান জানান, বুধবার কুচাই লামা এলাকায় অভিযান শুরু করে কর্তৃপক্ষ দুইজন পাচারকারীকে আটক করে। এর মধ্যে একজন স্থানীয় মালয়েশিয়ান এবং অন্যজন বিদেশি নাগরিক। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা এই খবর দিয়েছে।
ইমিগ্রেশন প্রধান জানান, এই পাচার চক্রটি গত ডিসেম্বর ২০২৫ থেকে সক্রিয় ছিল এবং তারা সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসীদের এনে কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করাত। প্রত্যেক অভিবাসীর জন্য এই চক্র প্রায় ১২ হাজার রিংগিত চার্জ করত এবং ধারণা করা হচ্ছে, গত দুই মাসে তাদের আয় প্রায় ১.২ মিলিয়ন রিংগিত পর্যন্ত পৌঁছেছে।
আটককৃতদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, ৮২ হাজার রিংগিত ও ৩ হাজার ৭০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, আটককৃতদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)