Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৩০ জানুয়ারি

মালয়েশিয়ায় অবৈধদের ধরতে থার্মাল ড্রোন ব্যবহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪১

মালয়েশিয়ায় অবৈধদের ধরতে থার্মাল ড্রোন ব্যবহার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শনাক্ত ও গ্রেপ্তারে থার্মাল ড্রোন ব্যবহার করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এ ধরনের এক অভিযানে ২১৮ জন অবৈধ বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি রয়েছেন। 

ইমিগ্রেশন পুলিশের ভাষ্য, অভিযানের সময় অনেক অবৈধ অভিবাসী গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদের গোপন জায়গায় লুকিয়ে থাকেন। তাদের অবস্থান শনাক্ত করতে থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে। এসব ড্রোন শরীরের তাপমাত্রা শনাক্ত করে সহজেই লুকিয়ে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে সক্ষম।

থার্মাল ড্রোন ব্যবহার করে পরিচালিত এক অভিযানে লুকিয়ে থাকা ১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে। ইমিগ্রেশন পুলিশ বলছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি একদিনেই ১ হাজার ৬৯টি অভিযানে ৩ হাজার ৬৯১ জন অবৈধ অভিবাসী এবং ১১০ জন নিয়োগকর্তাকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

এদিকে, মানব পাচারবিরোধী অভিযানে ১৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি রয়েছেন। পুলিশ জানায়, নির্মাণ ও প্ল্যানটেশন খাতে চালানো ৭৭টি অভিযানে এসব মানব পাচারের ভুক্তভোগীদের খোঁজ পাওয়া যায়।


Logo