সিঙ্গাপুরে অবাঞ্ছিত যাত্রীদের বিমানে উঠতে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬
সিঙ্গাপুর সরকার ঘোষণা করেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে, যেখানে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে না। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (ICA) জানিয়েছে, যেসব যাত্রীকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তাদের নাম সরাসরি এয়ারলাইন্সকে জানানো হবে এবং এয়ারলাইন্স বাধ্য থাকবে তাদের বোর্ডিং আটকাতে। ব্যাংকক পোস্ট এ নিয়ে প্রকাশ করেছে এক বিশেষ প্রতিবেদন।
এই নিয়ম ভঙ্গ করলে এয়ারলাইন্সকে সর্বোচ্চ এক লাখ সিঙ্গাপুর ডলার জরিমানা বা ছয় মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। ফলে এখন থেকে যাত্রীদের সিঙ্গাপুরে পৌঁছানোর আগেই যাচাই-বাছাই সম্পন্ন হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের ভ্রমণের তিন দিনের মধ্যে ই-অ্যারাইভাল কার্ড জমা দিতে হবে। আইসিএ সেই তথ্য যাচাই করে এয়ারলাইন্সকে জানাবে কোন যাত্রীকে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। ফলে বিমানবন্দরে পৌঁছে প্রবেশে বাধা দেওয়ার পরিবর্তে যাত্রীদের আগেই থামানো হবে।
যদি কোনো যাত্রীকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়, তবে তাকে আইসিএর সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া পুনরায় টিকিট কাটা যাবে না। এভাবে সিঙ্গাপুর তাদের সীমান্ত নিরাপত্তা আরো শক্তিশালী করছে।
এই নিয়মের ফলে থাই এয়ারওয়েজ, থাই ভিয়েতজেট, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ এবং থাই লায়ন এয়ারের মতো এয়ারলাইন্সগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ এসব এয়ারলাইন্স ব্যাংকক থেকে সিঙ্গাপুরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।
সিঙ্গাপুরে পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণকারীর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৩ লাখ ৬০ হাজার থাই নাগরিক সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। একই সময়ে চীন থেকে প্রায় ৩০ লাখ এবং ইন্দোনেশিয়া থেকে ২২ লাখ মানুষ দেশটিতে গেছেন। সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আর্থিক, কনভেনশন ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত।
নতুন নিয়মে যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা তৈরি হলেও দেশটির কর্তৃপক্ষ বলছে, এটি পর্যটন বা ধর্মীয় সফর নিরুৎসাহিত করার জন্য নয়। বরং যারা বৈধভাবে ভ্রমণ করবেন, তাদের স্বাগত জানানো হবে। মূল লক্ষ্য হলো যারা আইন ভঙ্গ করে প্রবেশের চেষ্টা করেন তাদের আগেই থামানো।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপে সিঙ্গাপুরের সীমান্ত নিরাপত্তা আরো জোরদার হবে এবং এয়ারলাইন্সগুলোকে যাত্রী যাচাইয়ে আরো দায়িত্বশীল হতে হবে। তবে যাত্রীদেরও ভ্রমণের আগে সব কাগজপত্র ও ই-অ্যারাইভাল কার্ড সঠিকভাবে জমা দিতে হবে, নইলে তারা বিমানে উঠতে পারবেন না।
logo-1-1740906910.png)