জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে ফুল ফ্রি স্কলারশিপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮
জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুযোগ। শুরু হয়েছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ বৃত্তি কার্যকর হবে।
টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আধুনিক গবেষণা ও উদ্ভাবনের জন্য পরিচিত এই প্রতিষ্ঠান জাপানের শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও গবেষণা পরিবেশের কারণে এটি বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।
এই বৃত্তি জাপান সরকারের মেক্সট ইউনিভার্সিটি রেকমেন্ডেড স্কলারশিপের আওতায় দেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ভর্তি ফি ও সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। কোনো আবেদন ফি দিতে হবে না। নিজ দেশ থেকে জাপান এবং পড়াশোনা শেষে দেশে ফেরার জন্য রিটার্ন এয়ার টিকিট দেওয়া হবে। পাশাপাশি মাসিক ভাতা দেওয়া হবে মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৪৭ হাজার ইয়েন এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৪৮ হাজার ইয়েন।
প্রার্থীদের জাপানের বাইরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। জন্ম তারিখ ২ এপ্রিল ১৯৮৯ বা তার পরে হতে হবে। আবেদনকারীদের পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা বিষয় অথবা সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে হবে। মাস্টার্সে আবেদনকারীদের স্নাতক ডিগ্রি এবং পিএইচডিতে আবেদনকারীদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় পড়াশোনার প্রমাণ থাকলে আলাদা ভাষা পরীক্ষার প্রয়োজন হবে না।
আবেদনকারীদের সাম্প্রতিক ছবি, টোকিও টেকের কোনো ফ্যাকাল্টি সদস্যের সম্মতিপত্র, নির্ধারিত ফরম্যাটে পূরণ করা স্টাডি প্রোগ্রাম, পূর্ববর্তী গবেষণার সারসংক্ষেপ, ইংরেজি দক্ষতার প্রমাণ, পাসপোর্ট বা রেসিডেন্স কার্ডের কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি ও সনদপত্র, সুপারভাইজারের সহায়ক কাগজপত্র এবং একটি রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬।
logo-1-1740906910.png)