Logo
×

Follow Us

এশিয়া

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া থেকে

কয়েক মাসের মধ্যে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : ড. আসিফ নজরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:২৮

কয়েক মাসের মধ্যে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : ড. আসিফ নজরুল

বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া থেকে আসছে সুখবর। দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে দেশটির দুই মন্ত্রীর বৈঠকে আনুষ্ঠানিকভাবে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করল মালয়েশিয়া।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। তিনি বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এছাড়া ট্রেডমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে কিছু অগ্রগতি সাধিত হয়েছে। মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ার কাজ করার সুযোগ পাবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল আরো জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক নেওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশকে সবার আগে অগ্রাধিকার দেবে।

আসিফ নজরুল আরো বলেন, আমাদের আরেকটি বড় অগ্রগতি যেটা হয়েছে, আমাদের শ্রমিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পান না। যাতে মাল্টিপল এন্ট্রি ভিসা পান, সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। এছাড়া যারা দেশটিতে অবৈধ হয়েছেন, তাদের বৈধ করার ব্যাপারে আমি বলেছি। তারা বলেছেন, বৈধকরণ প্রক্রিয়া মাঝেমধ্যে হয়। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ক্ষেত্রে এটি সম্ভব নয়।

এছাড়া সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার, নার্স নেওয়া যায় কিনা কিংবা স্কিল্ড ওয়ার্কার নেওয়া যায় কিনা- এ ব্যাপারে তারা আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশসহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে ১২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ২০ হাজারের বেশি কর্মী বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবে।

Logo