Logo
×

Follow Us

আফ্রিকা

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪১

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভ চলছে। জোহানেসবার্গের হিলব্রো ও ইওভিল এলাকায়, যেখানে বহু অভিবাসীর বসবাস, সেখানে বিক্ষোভকারীরা মিছিল করেছে। মিছিল থেকে আলাদা হয়ে কিছু বিক্ষোভকারী জানালার কাচে পাথর ছুড়েছে। পুলিশ ও বেসরকারি নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকলেও কিছু এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রণালয় এ বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বিক্ষোভগুলো মূলত শান্তিপূর্ণ হলেও লুটপাট ও লুটপাটের চেষ্টার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ মন্ত্রণালয় বলেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিক্ষোভস্থলে মোতায়েন করা হয়েছে।

পুলিশ উপমন্ত্রী ফিরোজ চাচালিয়া সতর্ক করে দিয়ে বলেছেন, যারা এই বিক্ষোভের সুযোগ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ হবে। তিনি আরো বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে পুলিশ।

অভিবাসীবিরোধী এই বিক্ষোভ দক্ষিণ আফ্রিকার সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন। স্থানীয়দের অভিযোগ, অভিবাসীরা চাকরি ও জনসেবার ওপর চাপ সৃষ্টি করছে। তবে সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে এবং অভিবাসীদের ওপর হামলা বরদাস্ত করা হবে না।

Logo