Logo
×

Follow Us

প্রবাসের খবর

আজমানে শারদীয় দুর্গোৎসবে প্রবাসীদের মিলনমেলা

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৯:২৫

আজমানে শারদীয় দুর্গোৎসবে প্রবাসীদের মিলনমেলা

আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এবারের শারদীয় দুর্গোৎসব ছিল আনন্দমুখর। দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যেও ধর্মীয় আচার, পূজা-অর্চনা আর বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। 

পূজা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন পূজামণ্ডপে অন্তত ২০ হাজার মানুষের সমাগম হয়েছে। বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে আজমানের এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়। 

প্রবাসের কর্মব্যস্ত জীবন, প্রতিদিনের ব্যস্ততা আর পরিবার-পরিজন থেকে দূরে থাকার কষ্ট; সবকিছু যেন কিছুক্ষণের জন্য ভুলে যান তারা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পূজার মন্ত্রে মুখর ছিল আজমানের দুর্গাপূজামণ্ডপ। চারদিকে উৎসবের আমেজ, মানুষের পদচারণা আর পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময়।

কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে, আবার কেউ এসেছেন দূর-দূরান্ত থেকে শুধু প্রবাসের মাটিতে শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে।

শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয় এই আয়োজন। পূজামণ্ডপ ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো এলাকা। প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও এই উৎসব হয়ে উঠেছে বাঙালির ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

পূজামণ্ডপের পাশেই বসেছিল ছোট পরিসরের মেলা। পরিবার নিয়ে ঘুরে বেড়ানো, পরিচিতজনদের সঙ্গে দেখা করা এবং উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে কেটেছে তাদের পূজার সময়। 

সন্ধ্যা নামতেই উৎসবের আমেজ পায় নতুন মাত্রা। সাংস্কৃতিক পর্বে দুই বাংলার তারকা শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিয়েছে। গানের সুর, নৃত্যের ছন্দ আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আয়োজকদের মতে, প্রবাসে ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরো দৃঢ় করতে ভূমিকা রাখছে।

হাজারো মানুষের পদচারণা, ঢাকের বাদ্য, শিল্পীদের পরিবেশনা আর আনন্দে মেতে ওঠা শিশুদের হাসি; সব মিলিয়ে আজমানের দুর্গোৎসব যেন প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। এই আয়োজনের মধ্য দিয়ে আরো দৃঢ় হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন ও প্রবাসী জীবনের ঐক্যের বার্তা।

Logo