Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদযাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশে দশমবারের মতো মহালয়া উদযাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬ রোববার রোজলিয়া কমিউনিটি সেন্টার, বিক্রফটে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন।

চণ্ডীপাঠ, সংগীত ও মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে দেবীপক্ষের আগমনী বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে বিপিএর প্রেসিডেন্ট স্বাগত বক্তব্য দেন। তিনি মহালয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সিডনিতে সংগঠনটির মহালয়া আয়োজনের শুরুর দিনের স্মৃতিচারণ করেন।

বিপিএর মহালয়া আয়োজনের যাত্রা শুরু হয় ২০১৬ সালে সিডনির Kogarah School of Arts-এ। এরপর ধারাবাহিকভাবে আয়োজনটি হয়ে আসছে। এবারের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি দশম মহালয়া উদ্‌যাপনের মাইলফলক স্পর্শ করল।

এবারের মঞ্চায়ন পরিচালনা করেন সুমিতা দে ও অনুপম গোস্বামী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চণ্ডীপাঠ। জ্যোতি বিশ্বাস চণ্ডীপাঠ পরিবেশন করেন এবং তবলায় সহযোগিতা করেন জন্মেজয় রায়। সংগীত ও মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় শারদীয় দুর্গোৎসবের আগমনী আবহ।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল। একই সঙ্গে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে আসা বাঙালিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সামাজিক মিলনমেলায়।

দশম মহালয়া উপলক্ষে বিপিএর পক্ষ থেকে সংগঠনের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটি, শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক, সদস্য ও শুভানুধ্যায়ীদের অবদানের কথা স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে বিপিএর সেক্রেটারি দিবাকর সমদ্দার উপস্থিত দর্শক-শ্রোতা, শিল্পী, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। চণ্ডীপাঠ, সংগীত ও আগমনী আবহের মধ্য দিয়ে শেষ হয় এবারের মহালয়া আয়োজন।

Logo