Logo
×

Follow Us

ইউরোপ

ইতালিতে টাঙ্গাইল সমিতির জমজমাট বনভোজন

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:৫১

ইতালিতে টাঙ্গাইল সমিতির জমজমাট বনভোজন

ইতালির আব্রুজ্জো শহরের বিখ্যাত পর্যটনকেন্দ্র ন্যাশনাল পার্কে জমজমাট বনভোজনের আয়োজন করেছে টাঙ্গাইল জেলা সমিতি। প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য, পাহাড়ি উপত্যকা ও জলপ্রপাতের কলতানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। কর্মব্যস্ত প্রবাসজীবনের ব্যস্ততা ভুলে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় আনন্দ-উৎসবে।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রবাসীদের প্রাণবন্ত আড্ডা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, বিনোদনমূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরুষদের জন্য হাঁড়ি ভাঙা এবং নারীদের জন্য বালিশ খেলাসহ নানা প্রতিযোগিতায় অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনের আনন্দ ও উচ্ছ্বাস আরো বাড়িয়ে দেয়।

বনভোজনের নেতৃত্বে ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ আহমেদ আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব রহমান ও সাংগঠনিক সম্পাদক আলহাজ খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মির্জা সাজ্জাদ হোসেন, তালুকদার তিতাস, নাসির উদ্দিন শিপন, আবুবকর তালুকদার, শিকদার রুহেল ও নূরুল ইসলাম।

ইতালিতে বসবাসরত টাঙ্গাইলের প্রবাসীরা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং প্রবাসে থাকা মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পরিচয় বাড়ায়। একই সঙ্গে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতিও আরো সুদৃঢ় হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। আয়োজন সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটির নেতারা।

Logo