Logo
×

Follow Us

প্রবাসের খবর

সৌদিতে ওমরাহ করতে গিয়ে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

হাসান মাহমুদ, সৌদি আরব

হাসান মাহমুদ, সৌদি আরব

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০০:৫১

সৌদিতে ওমরাহ করতে গিয়ে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ থেকে ওমরাহ করতে যাওয়া একই পরিবারের তিন জন মারা গেছেন।  গাড়িটিতে যাত্রী ছিলেন একই পরিবারের পাঁচজন। দুর্ঘটনায় বাবা-ছেলে প্রাণে বেঁচে গেলেও, মারা গেছেন, মা আর দুই ছেলে মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, ২৩ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২ টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোটা পরিবারটি বাংলাদেশ থেকে সৌদি গিয়েছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে, রিয়াদ থেকে তারা মক্কায় যাচ্ছিলেন। 

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা , তার ছেলে তাসবিক ও মেয়ে জারা। আহত হয়েছেন- রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহত রিনার মামাতো ভাই সৌদি প্রবাসী নাসিম আহমেদ কবীর জানিয়েছেন, তার ফুপাতো বোনের পুরো পরিবার, বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে ৩শ কিলোমিটার দূরে, গাড়িটি সড়ক দুর্ঘটনায় পড়ে। তাদের প্রাইভেট কারটিকে পেছন থেকে একটি বড় গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।  তার ভগিনীপতি ও বড় ভাগনে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন।

Logo