আমিরাতে যে ৬টি ভুলে ক্ষতিপূরণ পান না প্রবাসী শ্রমিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:২৪
ছবি - এআই দিয়ে বানানো
চট্টগ্রামের রহমত আলী দুবাইয়ের একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। একদিন কাজের সময় গুরুতর দুর্ঘটনায় আহত হলেন। সহকর্মীরা ভাবলেন, আইনের অধীনে তিনি নিশ্চয়ই ক্ষতিপূরণ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, তিনি কোনো ক্ষতিপূরণই পাচ্ছেন না। প্রশ্ন হলো- কী এমন ভুল করেছিলেন রহমত, যার কারণে তার ক্ষতিপূরণের অধিকার বাতিল হয়ে গেল?
সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী, কাজে দুর্ঘটনা বা Work Injury বলতে শুধু কর্মস্থলে আহত হওয়াকেই বোঝায় না। কাজের দায়িত্ব পালন করতে গিয়ে, কর্মস্থলে যাওয়া বা সেখান থেকে সরাসরি ফেরার পথে দুর্ঘটনায় পড়া, এমনকি কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত কোনো পেশাগত রোগ (Occupational Disease) হলেও তা কাজে দুর্ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে।
আইন অনুযায়ী, এমন দুর্ঘটনা ঘটলে আহত কর্মীর চিকিৎসার সব ব্যয় বহন করার দায়িত্ব নিয়োগকর্তার। আর দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতা বা মৃত্যু হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণও দিতে হয়। একই সঙ্গে নিয়োগকর্তাকে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম (PPE) সরবরাহ করা, দুর্ঘটনা যথাযথভাবে রিপোর্ট করা এবং রেকর্ড সংরক্ষণ করতে হয়। এসব নিয়ম মানা হচ্ছে কিনা, তা নিয়মিত তদারকি করে মানবসম্পদ ও আমিরাতায়ন মন্ত্রণালয় (MOHRE)।
তবে কর্মস্থলে দুর্ঘটনা ঘটলেই যে ক্ষতিপূরণ মিলবে বিষয়টি এমন নয়। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে শ্রমিক এই অধিকার হারাতে পারেন।
যে ৬ কারণে ক্ষতিপূরণ পাবেন না
১. ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করলে: তদন্তে প্রমাণিত হলে যে কর্মী নিজেই ইচ্ছা করে নিজেকে আহত করেছেন।
২. মদ বা মাদকের প্রভাবে থাকলে: দুর্ঘটনার সময় কর্মী অ্যালকোহল বা মাদকের প্রভাবে থাকলে।
৩. নিরাপত্তা নির্দেশনা ইচ্ছাকৃতভাবে অমান্য করলে: জেনেশুনে নিরাপত্তাবিধি ভঙ্গ করার কারণে দুর্ঘটনা ঘটলে।
৪. ইচ্ছাকৃত অসদাচরণ বা গুরুতর অবহেলা করলে: নিজের গুরুতর অবহেলা বা অসদাচরণের কারণে দুর্ঘটনা ঘটলে।
৫. চিকিৎসা পরীক্ষা করাতে অস্বীকৃতি জানালে: যৌক্তিক কারণ ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষায় অংশ না নিলে।
৬. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা না নিলে: যথাযথ কারণ ছাড়া চিকিৎসকের নির্দেশনা বা চিকিৎসা অনুসরণ না করলে।
প্রবাসীদের জন্য সতর্কবার্তা:
আমিরাতে কর্মরত বাংলাদেশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মস্থলের নিরাপত্তা বিধি মেনে চলা, মাদক বা অ্যালকোহল গ্রহণ করে কখনো কাজে না যাওয়া এবং দুর্ঘটনা ঘটলে চিকিৎসকের সব নির্দেশনা অনুসরণ করা। কারণ এসব নিয়ম লঙ্ঘন করলে গুরুতর আহত হলেও আইনে নির্ধারিত ক্ষতিপূরণ থেকে আপনি বঞ্চিত হতে পারেন।
logo-1-1740906910.png)