Logo
×

Follow Us

এমসি এক্সপ্লেইনার

ইরান-আমেরিকার পাল্টাপাল্টি হুমকি, সংঘাত ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:২৩

ইরান-আমেরিকার পাল্টাপাল্টি হুমকি, সংঘাত ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে

ইরান আমেরিকার সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে অঞ্চলটির কোটি কোটি নাগরিক আর বাসিন্দারা আশায় বুক বেঁধেছিলেন যে শান্তি ফিরবে।

কিন্তু চুক্তির পর যত দিন যাচ্ছে, যুদ্ধের পরিধি বাড়ছে। ১৮ জুলাই বাহরাইন ও কুয়েতে দফায় দফায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার পর ইরানকে কড়া হুমকি দিয়েছে সৌদি আরব। উপসাগরীয় দেশে হামলা বন্ধ করতে বলেছে সৌদি। 

সৌদির এই হুমকি এসেছে এমন সময়ে যখন ইরানের হামলায় কুয়েতের পানি শোধনাগার আর ওয়েল রিফাইনারিতে হামলার কারণে ভয়ে কুঁকড়ে উঠছে উপসাগরের অন্য দেশগুলো। বাহরাইনেও বারবার বেজেছে সাইরেন। 

ইরানকে দেওয়া সৌদির পররাষ্ট্র দপ্তরের হুমকিকে খাটো করে দেখার উপায় নেই। কারণ সৌদির সাথে এক সামরিক চুক্তির বন্ধনে রয়েছে ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান। ইরান-সৌদি দ্বন্দ্বে বড় অঘটন ঘটলে চুক্তির কারণেই পাকিস্তানকেও জড়াতে হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে। তবে কি সৌদির সাথে সংঘাতে জড়িয়ে যাবে ইরানও? তাতে যুক্ত হবে পাকিস্তানও? এমনিতে বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের এখন নাস্তানাবুদ দশা।  

সৌদির হুমকির বিষয়ে ইরান কোনো প্রতিক্রিয়া না দেখালেও দেশটি জানিয়ে দিয়েছে, যেহেতু মার্কিনবরা আক্রমণ চালিয়েই যাচ্ছে, তাই চুক্তি মেনে চলার দায় নেই তাদেরও। এমন পরিস্থিতি ইরান যে কোনো সীমান্ত মানবে না তা তাদের কথায় স্পষ্ট। চোখের বদলে চোখ এমন হামলার নীতিতেও আর চলবে না ইরান। ফলে বোঝাই যাচ্ছে কতটা বেপরোয়া ইরান।  

অন্যদিকে, থামার ইচ্ছা নেই মার্কিন বাহিনীরও। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনার মৃত্যু আর একজন নিখোঁজের কথা স্বীকার করে নিয়ে প্রতিশোধের নেশায় ফুঁসছে মার্কিন বাহিনী। তারই ফলশ্রুতি টানা নবম দিনের মতো ১৯ জুলাইও তারা বিমান হামলা করেছে ইরানের দক্ষিণাঞ্চলে। তাতে এখন পর্যন্ত ৫০ ইরানির মৃত্যু আর ৫০০ জন আহত হয়েছে। 

এমন নিরাপত্তাহীন পরিস্থিতিতে আমিরাতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুবাই থেকে কুয়েত, সৌদি যেতে বাতিল হয়েছে এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই ও এমিরাতের ফ্লাইট। ফলে প্রবাসীদের সতর্ক থাকতে হবে। ভ্রমণের আগে হালনাগাদ তথ্য, নিরাপত্তা নির্দেশনা জানতে হবে, মানতে হবে।     

Logo