Logo
×

Follow Us

এমসি এক্সপ্লেইনার

যুদ্ধের নিয়ন্ত্রণ নেই ট্রাম্পের হাতে, কথা শুনছে না ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:১৪

যুদ্ধের নিয়ন্ত্রণ নেই ট্রাম্পের হাতে, কথা শুনছে না ইরান

মধ্যপ্রাচ্য যুদ্ধের জটিল গিট্টুতে আটকে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।এখন বলে কয়েও আর গিট্টুর প্যাঁচ খুলতে পারছেন না তিনি। যুদ্ধের নিয়ন্ত্রণ আর নেই ট্রাম্পের হাতে। কারণ কথা শুনছে না ইরান। বসতে চাইছে না কোনো আলোচনা টেবিলে।  

দ্বিতীয় দফায় ট্রাম্প যখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন, তখন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, এমন যুদ্ধবিরতির কোনো অনুরোধই করা হয়নি তাদের পক্ষ থেকে। ফলে আন্দাজ করা যায়, ট্রাম্পের অনির্দিষ্টকালের এই যুদ্ধবিরতি ছিল একতরফা। 

এখন ট্রাম্প ডাকছেন ইরানকে, হুমকি-ধমকিও দিচ্ছেন। কিন্তু ইরান আর আলোচনার ধারেকাছে আসছে না।

মিডল ইস্ট মনিটরের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ সায়িদ মার্কোস তেনোরিওর লেখায় উঠে এসেছে এমনই চিত্র। তিনি বলছেন, ট্রাম্পের এই যুদ্ধবিরতির খেলাকে কেবল শান্তির চেষ্টা হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে আরো গভীর কোনো কারণ আছে।

তেরেনিও বলছেন, এটি মূলত ওয়াশিংটনের সামরিক কৌশলের ব্যর্থতা। ইরানকে ভয় দেখিয়ে আর বশ করা যাচ্ছে না। ফলে ইরানের ওপর শক্তি খাটানো যুক্তরাষ্ট্রের জন্য এখন কঠিন হয়ে পড়েছে। ট্রাম্পের এই ঘোষণা, আসলে যুক্তরাষ্ট্রের সেই অসহায়ত্বকেই ফুটিয়ে তুলেছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে হোয়াইট হাউস নিজের দুর্বলতা প্রকাশ করেছে। তারা বুঝে গেছে, এখন আর গায়ের জোরে সব শর্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয়। এটি একধরনের ‘কৌশলগত পিছুটান’।

যুদ্ধের বিভিন্ন দিক যাচাই করে প্রেসিডেন্ট ট্রাম্প বুঝে গেছেন, এই যুদ্ধে তাদের জেতার সম্ভাবনা খুবই কম। ইরানের পাল্টা হামলা চালানোর দারুণ সক্ষমতা রয়েছে। তারা নিজের দেশের সম্পদ রক্ষা করতে জানে। পাশাপাশি ইরানের সঙ্গে থাকা আঞ্চলিক মিত্রদের শক্তিও অনেক বেশি। এই লড়াই চালিয়ে যাওয়ার খরচ অনেক বেড়ে গেছে। আর তাই, এই বিশাল চাপ সামলানো এখন ওয়াশিংটনের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

এই যুদ্ধের মধ্য দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে, বিশ্বের জ্বালানি সরবরাহে ইরানের সরাসরি প্রভাব খাটানোর সক্ষমতা আছে। ফলে ইরানকে চাপে রাখতে গিয়ে অশান্তি জিইয়ে রাখলে ক্ষতি কেবল আমেরিকারই হবে না। বিশ্বের গোটা অর্থনৈতিক ভারসাম্য হুমকির মুখে পড়বে। 

বিশ্বজুড়ে সামরিক শক্তির চিরাচরিত ধারা বদলে যাচ্ছে। ইরান এখানে কেবল বসে থাকা কোনো দুর্বল পক্ষ নয়, তারাই এখন যুদ্ধের নতুন নিয়ম ঠিক করছে। এমন বাস্তবতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বেরিয়ে পড়েছেন পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে। 

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানকে একপ্রকার জিতিয়েই দিয়েছেন। এখন খানিকটা জিরিয়ে নিয়ে আবারো মার্কিন বাহিনী যুদ্ধের ময়দানে ফিরে আসে কিনা, তাতেই দৃষ্টি রাখছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। 

Logo